
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের দফতর থেকেই উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রাও কমিয়ে দেন। একই সঙ্গে তিনি দেশের সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দফতরে আসেন। অফিসে প্রবেশ করার পরপরই তিনি নিজের কক্ষের প্রায় ৫০ শতাংশ লাইটের সুইচ বন্ধ করে দেন। পাশাপাশি এসির বিদ্যুৎ প্রবাহ ২৫ দশমিক ১ মাত্রায় নির্ধারণ করেন। এই মাত্রায় এসি ব্যবহার করলে বিদ্যুৎ খরচ তুলনামূলক কম হয়।
আতিকুর রহমান রুমন আরও জানান, শুধু নিজের কক্ষেই নয়—মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে প্রবেশ করার পরও প্রধানমন্ত্রী সেখানে থাকা অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির মাত্রা কমিয়ে দিতে নির্দেশ দেন।
সচিবালয়ের ১ নম্বর ভবনটি প্রধানমন্ত্রীর দফতর হিসেবে ব্যবহৃত হয়। এই ভবনে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ কার্যক্রম পরিচালনা করে।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর তার দফতরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ করা হয় এবং এসির তাপমাত্রাও কমিয়ে দেওয়া হয় বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সচিবালয়ের সকল মন্ত্রণালয়, দেশের সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল, বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।
এছাড়া দিনের বেলায় অপ্রয়োজনীয় লাইট ব্যবহার না করে অফিস ও বাসাবাড়ির জানালার পর্দা সরিয়ে প্রাকৃতিক সূর্যালোক ব্যবহার করার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC