
রাইজিং কুমিল্লা ডেস্ক

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প, ভাণ্ডারসহ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তা টহল বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহানের স্বাক্ষরে জারি করা এক নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এসব নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য আগে জারি করা বিভিন্ন নিরাপত্তা নির্দেশনা ও সার্কুলারে উল্লেখিত কার্যক্রম আরও জোরদার করতে হবে। বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে কার্যকর রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ, উপকেন্দ্র, সুইচইয়ার্ড এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে দায়িত্ব পালনকারী কর্মচারী ছাড়া অন্য কারও এসব সংবেদনশীল স্থানে প্রবেশের সুযোগ রাখা যাবে না।
দর্শনার্থীদের ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করতে হবে এবং ধাতব বস্তু শনাক্তকারী যন্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে তল্লাশি চালাতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে প্রয়োজন অনুযায়ী প্রবেশের অনুমতি দেওয়া গেলেও গুরুত্বপূর্ণ স্থাপনার মূল নিরাপত্তা এলাকায় বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে। অনুমতি নিয়ে প্রবেশকারী দর্শনার্থীদের জন্য পরিচয় যাচাই ও তল্লাশির পর দর্শনার্থী কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য স্থাপনায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখা এবং ধারণ করা ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে অবস্থান ও যাতায়াতের সময় দৃশ্যমান স্থানে পরিচয়পত্র ঝুলিয়ে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
দর্শনার্থীদের প্রবেশের আগে তাদের আগমনের উদ্দেশ্য যাচাই করতে হবে। এ ক্ষেত্রে নাম, পূর্ণ ঠিকানা, কার সঙ্গে দেখা করতে এসেছেন এবং আসার কারণসহ সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্রের তথ্য নির্ধারিত রেজিস্টারে সংরক্ষণ করতে হবে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিদ্যুৎকেন্দ্রের সীমানাপ্রাচীরের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং ওয়াচ টাওয়ারগুলোতে নিয়মিত দায়িত্ব পালন নিশ্চিত করার কথা বলা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র, সুইচইয়ার্ড, ভাণ্ডার ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাগ বা যেকোনো জিনিসপত্র নিয়ে প্রবেশের সময় যথাযথ তল্লাশি চালাতে হবে। পাশাপাশি নিরাপত্তার জন্য স্থাপিত বাতিগুলো সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় দাপ্তরিক সময়ের পর, বিশেষ করে রাতে নিরাপত্তা টহল বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের তদারকির বিবরণ নির্ধারিত রেজিস্টারে লিখে রাখতে হবে। পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নেওয়ার নিয়মও যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এ ছাড়া স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে বলা হয়েছে। বিদ্যুৎ স্থাপনার আশপাশে অপরিচিত কোনো ব্যক্তির সন্দেহজনক চলাফেরা নজরে এলে দ্রুত স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC