
বাসস
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেড়েছে প্রায় ৪০ শতাংশ। তবে এ সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রকৃত বিদেশি সহায়তা ছাড় কমেছে প্রায় ৪২ শতাংশ। অন্যদিকে, বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ কোটি ১২ লাখ ৩০ হাজার মার্কিন ডলারে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে উন্নয়ন সহযোগীরা ১২৭ কোটি ৩০ লাখ ডলারের ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৯১ কোটি ৬ লাখ ৭০ হাজার ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে প্রায় ৪০ শতাংশ।
নতুন প্রতিশ্রুতির মধ্যে ঋণের পরিমাণ ১১৪ কোটি ৮০ লাখ ডলার এবং অনুদান ১২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ডলার।
প্রতিশ্রুতি বাড়লেও বাস্তবে বিদেশি সহায়তা ছাড়ের পরিমাণ কমেছে। ইআরডির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৬৬ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলারের সহায়তা ছাড় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১১৪ কোটি ৮০ লাখ ডলার।
চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ছাড় হওয়া সহায়তার মধ্যে ঋণ ছিল ৫৪ কোটি ১৭ লাখ ৪০ হাজার ডলার। বাকি ১২ কোটি ৫ লাখ ৭০ হাজার ডলার এসেছে অনুদান হিসেবে।
এদিকে, বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে বাংলাদেশের ব্যয়ও বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এ বাবদ মোট ১৩৫ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১২৭ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধের ব্যয় বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ।
ইআরডির তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে বিদেশি ঋণের আসল পরিশোধ করা হয়েছে ৮৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে এ খাতে ব্যয় হয়েছিল ৮১ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার ডলার।
একই সময়ে ঋণের সুদ পরিশোধের পরিমাণও বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সুদ বাবদ ৪৯ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলার পরিশোধ করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪৬ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার।
সূত্র: বাসস
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC