
রাইজিং কুমিল্লা ডেস্ক

নতুন সরকারের শপথ অনুষ্ঠানের আগের দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।
সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে সরকার প্রধানের দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। সেই প্রেক্ষাপটে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের আমন্ত্রণে ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।
এই অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। মূলত এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়েই তার প্রায় দেড় বছরের দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের দুই মাস আগে, ২০২৪ সালের ২৩ জুন বাংলাদেশ সেনাবাহিনীর অষ্টাদশ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তার বর্তমান দায়িত্বের মেয়াদ রয়েছে ২০২৭ সালের ২৩ জুন পর্যন্ত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC