
রাইজিং ডেস্ক
কোরিয়ান ব্যান্ডদল ‘বিটিএস’-এ যোগ দিতে প্রায় ১৮ ভরি স্বর্ণালংকার নিয়ে ঘর ছেড়েছে নারায়ণগঞ্জের এক তরুণী। এ ঘটনায় শুক্রবার (৯ ফেব্রুয়ারি) তরুণীর বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
গত ২১ জানুয়ারি রাত ২টার দিকে ঘর থেকে পালিয়ে যায় বিটিএসভক্ত ওই কিশোরী। ঘটনার ১৯ দিন পর ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছে পরিবার। ওই কিশোরী ফতুল্লার মাসদাইর এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগে তরুণীর বাবা বলেন, আমার মেয়ে পরিবারের সদস্যদের কথা অমান্য করে উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো। কেউ কিছু বললেই তার সঙ্গে উত্তেজিত হয়ে আচরণ করতো। সে কোরিয়ান ব্যান্ডদল বিটিএসের ভক্ত ছিল। নিজ রুমে বিটিএস সদস্যদের ছবি টানিয়ে রাখতো। বাসায় কারো সঙ্গে ঝগড়া হলেই বলতো সে কোরিয়া চলে যাবে।
২১ জানুয়ারি রাত ২টার দিকে নগদ পাঁচ হাজার টাকা ও ১৮ ভরি স্বর্ণালংকার নিয়ে সে পালিয়ে যায়। খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাইনি। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তার ফেসবুক আইডি থেকে আমার ভাতিজিকে জানায়, সে বিটিএস গ্রুপের সঙ্গে আছে এবং দ্রুতই কোরিয়ায় গিয়ে বিটিএস দলের সঙ্গে যোগ দেবে।
এছাড়া তার ফেসবুকে বিটিএসের মতো নাচগানের অসংখ্য ভিডিও আপলোড করতে দেখা গেছে। এ অবস্থায় সে পরিবারের অনুমতি ছাড়াই কোরিয়া চলে যেতে পারে এবং যেকোনো সময় নিজের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে।
এ বিষয়ে তরুণীর বাবা বলেন, আমার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি। থানায় অভিযোগ দিয়ে এসেছি। উনারা তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করলে হয়তো মেয়েকে ফিরে পারবো। বিটিএস গ্রুপের নামে কোনো অসামাজিক গ্রুপে জড়িয়ে গেলো কিনা সেই চিন্তায় আছি আমরা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই কামাল হোসেন বলেন, থানায় অভিযোগ দিয়েছে শুনেছি। তবে একই সময়ে একটি মার্ডার মামলা নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় আমি বিস্তারিত খোঁজ নিতে পারিনি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো বলে জানান তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC