
রাইজিং কুমিল্লা ডেস্ক
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না, ফটো শো’র রাজনীতিও করে না। সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস হয়েছে, এর মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে—এমন প্রত্যাশা করা ঠিক নয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সারা দেশে নদী-নালা, খাল ও জলাশয় পরিষ্কারের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বর্তমান সরকারের কাছে জনগণের আশা-আকাঙ্ক্ষা অনেক বেশি উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের পর জনগণের রায়ে গঠিত সরকার মানুষের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, সরকার গঠনের মাত্র ছয় মাসের মাথায় জামায়াত লংমার্চ করার কথা বলছে, এটা ঠিক নয়। বিরোধী দলের উচিত শুধু সমালোচনা না করে সরকারের ভুল ধরিয়ে দিয়ে সহযোগিতা করা। আমরাও তাদের কাছ থেকে সেটিই প্রত্যাশা করি।
সারা দেশে খাল পুনঃখনন প্রকল্পের বিষয়ে এ্যানি বলেন, অতীতে অনেক নেতা নিজেদের দূরদর্শী মনে করলেও ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে মানুষকে সুবিধা দেওয়ার কাজ কেউ করেননি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনা থেকেই এই সুবিশাল কাজ হাতে নেওয়া সম্ভব হয়েছে।
তিনি বলেন, ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ একটি চলমান প্রক্রিয়া। ছয় মাসের মধ্যে এ কাজ শেষ হওয়ার সুযোগ নেই। তবে খাল পুনঃখননের সুফল মানুষ ইতোমধ্যে পেতে শুরু করেছে। এর ফলে পানি নিষ্কাশনসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষ সুবিধা পাচ্ছে।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম মামুন এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC