
মোহাম্মদ রাজীব, কুবি প্রতিনিধি
বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির ( বিএনপি) এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে চলমান ২ দিনের সর্বাত্মক অবরোধের প্রথম দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে চারটি তালা দিয়েছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
এতে নেতৃত্ব প্রদান করেন ছাত্রদলের সদস্য সচিব ও ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভ।
আজ রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টায় দিকে সারাদেশে চলমান সর্বাত্মক অবরোধের সমর্থনে ছাত্রদলের নেতা-কর্মীরা কুবির মূল ফটকের ৪টি প্রবেশ পথে তালা ঝুলিয়ে দেন। এসময় কুবি শাখা ছাত্রদলের বেশ ক'জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এসময় প্রধান ফটকে কর্তব্যরত ছিলেন আনসার সদস্য বাদল। তিনি জানান, আজ সকাল সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেলে বেশ কয়েকজন লোক এসে মেইন গেইটের চারটি প্রবেশ মুখে চারটি তালা ঝুলিয়ে চলে যায়।
আপনারা কারা? এটি জিজ্ঞেস করা হলে তখন তারা একজন ছাত্রদলের সভাপতি বলে পরিচয় দেন।
এ সময় তিনি আরও বলেন, তালা দেওয়ার কিছুক্ষণ পরেই দুই শিক্ষকের নির্দেশে আমরা তালাগুলো ভেঙ্গে ফেলি।
ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান শুভ বলেন, বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অতিদ্রুত একটি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।
অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা প্রতিটি ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাবো। এরই অংশ হিসেবে আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে চারটি তালা ঝুলানো হয়েছে।
এসময় তিনি ক্যাম্পাসে ছাত্রলীগের অরাজকতারও সমালোচনা করেন এবং ক্যাম্পাসে সহাবস্থানের জোড় দাবি জানান।
এ বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী জানান, আমি সকালে খবর পাই কিছু সংখ্যক ছেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ৪টি তালা ঝুলিয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থলে যাই।
তবে তারা ছাত্রদলের কিনা এ বিষয়টি আমি নিশ্চিত নই। আমরা এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির ( বিএনপি) সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বর্তমান শেখ হাসিনা সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে আজ ও কাল (৫ ও ৬ নভেম্বর) ২ দিনের অবরোধ পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC