মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬

বিআরটিএর নতুন নির্দেশনা, গাড়িতে যে হর্ন ব্যবহার করা যাবে না

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - New BRTA directive-Horns that cannot be used in vehicles
ছবি: সংগৃহীত

গাড়িতে অননুমোদিত হর্ন ব্যবহার বন্ধে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজ কিংবা রাষ্ট্রীয় জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা বহুসুরের বিকট শব্দের হর্ন ব্যবহার করা যাবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২০ জুলাই) বিআরটিএর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি-৮১ অনুযায়ী জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন ব্যতীত অন্য কোনো মোটরযানে পরপর বিভিন্ন সুর সৃষ্টি করতে পারে এমন বহুমুখী হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ন—যেমন হাইড্রোলিক হর্ন, হুটারসহ অন্যান্য অননুমোদিত হর্ন—স্থাপন, পুনঃস্থাপন বা ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

বিআরটিএ জানায়, এসব অননুমোদিত হর্ন শুধু শব্দদূষণ ও জনদুর্ভোগই সৃষ্টি করে না, বরং চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে। ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন সংযোজন করে ব্যবহার করার কারণে জনসাধারণের ভোগান্তি বাড়ছে। এ ধরনের কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ।

বিআরটিএ সকল মোটরযান মালিক ও চালকদের অনুমোদিত হর্ন ব্যবহারের আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন