
বান্দরবান জেলার রুমায় সোনালি ব্যাংকে ডাকাতির ১৬ ঘণ্টার মাথায় এবার থানচি উপজেলায় ভরদুপুরে দুটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে।
আজ বুধবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন।
ইউএনও মোহাম্মদ মামুন বলেন, আজ বুধবার বেলা ১টার পর থানচির সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, সোনালী ব্যাংক থেকে ১৩ লাখ টাকার বেশি লুট হয়েছে। তবে কৃষি ব্যাংক থেকে লুট হওয়া টাকার পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা সাংবাদিকদের জানান, সকাল ১১টা থেকে সাড়ে ১১টার দিকে থানচি বাজার ঘিরে ফেলে ডাকাতরা। তারা ব্যাংক ও এর আশপাশের এলাকায় অস্ত্রের মুখে সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তারা ব্যাংক দুটির ভেতরে ঢুকে পড়ে।
ব্যাংকের ভেতরে টাকা তুলতে যাওয়া একাধিক গ্রাহক জানান, ডাকাতরা পাঁচ মিনিটের মতো ব্যাংকের ভেতরে ছিল। এই সময়ের মধ্যে তারা গুলি চালিয়ে ভীতি সৃষ্টি করে সব টাকা লুট করে নিয়ে চলে যায়।
তারা জানান, ভেতরে ঢুকেই ডাকাতরা নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নেয় এবং গ্রাহক, কাউন্টার ও ভল্ট থেকে সব টাকা বস্তায় করে নিয়ে বের হয়ে যায়।
এর আগে মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ৯টার দিকে ৭০-৮০ জন সশস্ত্র সন্ত্রাসী রুমা উপজেলা পরিষদ এলাকা ঘেরাও করে। তারা সোনালী ব্যাংকে গিয়ে পাহারারত পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। লুটপাটের পাশাপাশি ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়।











