
বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম পার্বত্য এলাকায় কেএনএ’র সশস্ত্র গোষ্ঠীর একটি সম্ভাব্য অস্থায়ী আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত রুমা উপজেলার প্রতাপপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
রুমা জোনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে একটি এয়ারগানসহ উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, পোশাক, দেশীয় ধারালো অস্ত্র এবং বিভিন্ন উপকরণ ও আনুষঙ্গিক সামগ্রী উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এলাকা ত্যাগ করে পালিয়ে যায় বলে জানা গেছে। প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, কেএনএ’র ১০ থেকে ১৫ সদস্যের একটি দল গত কয়েকদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিল।
সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর অবাধ চলাচল ও ঘাঁটি স্থাপনের অপচেষ্টা রোধে ধারাবাহিক টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতার কথাও উল্লেখ করা হয়।








