
রাইজিং ডেস্ক
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) ২৮তম আসরের উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন।
রাজধানী ঢাকার উপকণ্ঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) আয়োজিত মেলার উদ্বোধন করেন সরকারপ্রধান।
দেশি-বিদেশি পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই আসরটি যৌথভাবে আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো-ইপিবি।
১৯৯৫ সাল থেকে যথারীতি বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৪ সালের বাণিজ্যমেলা শুরুর সময় ২০ দিন পেছানো হয়েছে।
১৯৯৫ সাল থেকে শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হয়ে আসছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই কারণে স্থানটি মেলামাঠ নামেও পরিচিতি পায়। সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে শেরেবাংলা নগরে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসেছিল।
ঢাকার মানুষের জনভোগান্তি কমাতে ২০২১ সাল থেকে পূর্বাচলে মেলা আয়োজনের প্রস্তুতি শুরু হলেও করোনার কারণে তা আর মাঠে গড়ায়নি। পরে ২০২২ সাল থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্যমেলা স্থানান্তর করে সরকার। এবার সেখানে তৃতীয়বারের মতো ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বসছে
দেশের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতিবছর ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা তাদের তৈরি পণ্য নিয়ে আসেন এই মেলায়।
গত বছর বাণিজ্যমেলায় দেশ-বিদেশের ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন ছিল। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৩০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন থাকবে। যার মধ্যে বিদেশি স্টল থাকবে ১৫ থেকে ১৮টি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC