
হাবিবা আক্তার, বাইউস্ট প্রতিনিধি
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর আইন বিভাগের উদ্যোগে বাইউস্ট 'ল’ ক্লাব কর্তৃক “স্বাস্থ্য অধিকারে বিচারিক হস্তক্ষেপ: জনস্বার্থ মামলার ক্রমবর্ধমান ভূমিকা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে আয়োজিত এ সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. রামা ইসলাম এবং এডভোকেট মাহমুদা খানম (শিল্পী), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জজকোর্ট, কুমিল্লা।
সভায় সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান ও বাইউস্ট ল’ ক্লাবের উপদেষ্টা ড. মো: নায়ীম আলীমুল হায়দার।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও ল’ ক্লাবের সহ উপদেষ্টা দীপান্বিতা কুণ্ডু রুমকী, সহকারী অধ্যাপক তানজিলা তামান্না এবং প্রভাষক মো. শামীম আহমেদ। এছাড়া আইন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরনাহার আক্তার তাসমি ও ফারদিন ইসলাম মুন্না।
অনুষ্ঠানের শুরুতে আইন বিভাগের সহকারী অধ্যাপক ও ল’ ক্লাবের সহ উপদেষ্টা দীপান্বিতা কুণ্ডু রুমকী স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি সেমিনারটির প্রাসঙ্গিকতা, লক্ষ্য ও একাডেমিক গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্বের কথা উল্লেখ করেন।
প্রধান বক্তা ব্যারিস্টার রাশনা ইমাম তাঁর বক্তব্যে সংবিধান প্রদত্ত স্বাস্থ্য অধিকারের গুরুত্ব তুলে ধরেন এবং এ ক্ষেত্রে বিচারিক হস্তক্ষেপ ও জনস্বার্থ মামলা (PIL)-এর ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কে তাঁর বাস্তব অভিজ্ঞতা বিস্তারিতভাবে আলোচনা করেন। তিনি স্বাস্থ্য খাতে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আদালতের সক্রিয় ভূমিকা এবং গুরুত্বপূর্ণ বিচারিক সিদ্ধান্তের উদাহরণ তুলে ধরেন।
এ প্রসঙ্গে তিনি তাঁর পরিচালিত, ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস, আননেসেসারি সিজার ও হিউম্যান অর্গান ট্রান্সফার সংক্রান্ত মামলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করেন।
সেমিনারের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আইন বিভাগের বিভাগীয় প্রধান ও ল’ ক্লাবের উপদেষ্টা ড. মো: নায়ীম আলিমুল হায়দার অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। পাশাপাশি তিনি সেমিনারটির বিষয়বস্তুর গুরুত্ব ও সময়োপযোগিতা তুলে ধরে এ ধরনের একাডেমিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁর সুচিন্তিত বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারটি সাফল্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।
সভা শেষে বাইউস্ট প্লাজায় একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়। বাইউস্ট ল’ ক্লাব কর্তৃক আয়োজিত এ সেমিনার আইন শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার ও সাংবিধানিক বিষয়াবলিতে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন ল' ক্লাবের সভাপতি রাহাদ, সাধারণ সম্পাদক ইফরাজ সহ জাকিয়া,হৃদি, হাবিবা,রুবি, মিনহাজ,মেনকা,ইয়েসিন,রুহুল, দেবাশীষ, আফরিনা, রেজোয়ান, নুরনবী, হামজাসহ আরো অনেকেই।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC