
রাইজিং ক্যাম্পাস

জাতিসংঘের আদলে কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী জাতিসংঘ অধিবেশন। আন্তর্জাতিক কূটনীতি, রাজনীতি, আইন, সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেবেন। সম্মেলনে পাঁচটি দেশের প্রতিনিধিত্ব থাকবে। পাশাপাশি বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন ৩০ জন।
আগামী শনিবার কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে ১০ নভেম্বর বিকেলে।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের মহাসচিব আল-আমিন, উপ-মহাসচিব আনিকা তাহসিন ও জনি আহমেদ, মহাপরিচালক রাত্রী দেসহ বিভিন্ন পর্যায়ের আয়োজক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আয়োজকরা সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য, অংশগ্রহণকারীদের পরিচিতি, একাডেমিক কার্যক্রম এবং তিন দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
আয়োজকরা জানান, সম্মেলনে আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীরা পৃথক কমিটিতে নিজেদের অবস্থান ও মতামত তুলে ধরবেন। যুক্তি, তথ্য-উপাত্ত, গবেষণা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে জটিল আন্তর্জাতিক সমস্যার সমাধান খুঁজে বের করার অনুশীলন করবেন তাঁরা।
সম্মেলনের একাডেমিক কার্যক্রম সাতটি পৃথক কমিটিতে পরিচালিত হবে। কমিটিগুলো হলো—জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ নারী বিষয়ক সংস্থা, শরণার্থী, খাদ্য ও কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, বিচার আদালত এবং জাতীয় সংসদ।
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি সম্পর্কে বাস্তবধর্মী ধারণা অর্জনের পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ, গবেষণা, যুক্তি উপস্থাপন এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ানোর সুযোগ পাবেন। একই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন সংকট ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার অভিজ্ঞতা অর্জন করবেন তাঁরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC