
গ্লোবাল পেমেন্ট সেবা প্রতিষ্ঠান পেপ্যাল দ্রুতই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহী—এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
গভর্নর বলেন, “আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যাল বাংলাদেশে ব্যবসা করতে চায়। পেপ্যাল চালু হলে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে সহজে পণ্য বিক্রি করতে ও পেমেন্ট গ্রহণ করতে পারবেন।”
তিনি আরও উল্লেখ করেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংকের এলসি প্রক্রিয়া অনুসরণ করে ছোট চালান রপ্তানি করা কঠিন। তবে পেপ্যাল কার্যক্রম শুরু হলে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে স্বল্প পরিমাণ পণ্য রপ্তানি করে সহজেই অর্থ গ্রহণ করা সম্ভব হবে।
বর্তমানে এই ধরনের প্ল্যাটফর্ম না থাকায় বহু আউটসোর্সিংকর্মী তাদের আন্তর্জাতিক আয়ের ক্ষেত্রে নানা জটিলতা ও ভোগান্তির মধ্যে পড়েন। অনেক সময় তারা পূর্ণ অর্থটিও পান না বলে মন্তব্য করেন গভর্নর।
পেপ্যাল হলো বিশ্বের জনপ্রিয় একটি ডিজিটাল পেমেন্ট সেবা, যার মাধ্যমে অনলাইনে সহজেই টাকা পাঠানো-নেওয়া, বিল পরিশোধ ও আন্তর্জাতিক লেনদেন করা যায়। এটি নিরাপদভাবে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের সঙ্গে যুক্ত হয়ে দ্রুত লেনদেন সম্পন্ন করে। ২০০টিরও বেশি দেশে লক্ষাধিক ফ্রিল্যান্সার, ক্ষুদ্র উদ্যোক্তা ও অনলাইন ব্যবসায়ী এ সেবা ব্যবহার করেন।









