
নিজস্ব প্রতিবেদক
২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে আটকে রাখা অর্থ ফেরত দিয়েছে সৌদি আরব। ফেরত পাওয়া অর্থের পরিমাণ ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৯ অক্টোবর জেদ্দায় অবস্থিত বাংলাদেশ হজ অফিসের নুসুক ব্যবস্থায় ফেরত পাওয়া পুরো অর্থ জমা হয়েছে।
মন্ত্রী জানান, ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসার পেছনে ব্যয় হওয়া অর্থ বিমার আওতাভুক্ত না থাকায় সৌদি কর্তৃপক্ষ তা বাংলাদেশ থেকে কেটে রেখেছিল। পরে বাংলাদেশ হজ অফিসের উদ্যোগে সৌদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপনের মাধ্যমে অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে।
বেসরকারি ব্যবস্থাপনার ৩১০ ও সরকারি ব্যবস্থাপনার ৩০ হজযাত্রী
ফেরত পাওয়া অর্থের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৩১০ জনের জন্য কেটে রাখা হয়েছিল ২৯ লাখ ৭৬ হাজার ১৫১ সৌদি রিয়াল। অন্যদিকে, সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৩০ জনের চিকিৎসা ব্যয়ের বিপরীতে কাটা হয়েছিল ১ লাখ ১৫ হাজার ৯২ সৌদি রিয়াল।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাশ্রয়ের ক্ষেত্রে অর্থ ফেরত পাওয়ার ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।
আলোচনার মাধ্যমে ফেরত আনা হয় অর্থ
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় জেদ্দার বাংলাদেশ হজ অফিস অর্থ কেটে রাখার বিষয়টি জানার পর প্রয়োজনীয় উদ্যোগ নেয়। এ বিষয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা করা হয়।
পাশাপাশি কেটে রাখা অর্থের বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট নথিপত্র জমা দেওয়া হয়। এসব উদ্যোগের পর সৌদি কর্তৃপক্ষ অর্থ ফেরত দিতে সম্মত হয়।
মন্ত্রী জানান, আগের হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ কেটে রাখার কোনো নজির ছিল না। তাই বিষয়টি সৌদি কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য ও যুক্তিসহ তুলে ধরা হয়েছিল।
আরও ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা
এদিকে, হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অংশ হিসেবে ২০২৬ সালের হজ কার্যক্রমের উদ্বৃত্ত অর্থ থেকেও হজযাত্রীদের টাকা ফেরত দেওয়া হয়েছে।
ধর্মমন্ত্রী জানান, মোট ৪ হাজার ৩৪১ জন হজযাত্রীর মধ্যে ফেরত দেওয়া হয়েছে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা।
সৌদি আরব থেকে চিকিৎসা ব্যয়ের নামে কেটে রাখা অর্থ ফেরত এবং হজ কার্যক্রমের উদ্বৃত্ত অর্থ বিতরণের মাধ্যমে হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষায় সরকারের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রেখেছে বলে মনে করছে ধর্ম মন্ত্রণালয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC