
রাইজিং কুমিল্লা ডেস্ক

বাংলাদেশি নাগরিকদের জন্য গত ২১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান স্থগিত রয়েছে। তবে এ সিদ্ধান্ত পর্যটক, শিক্ষার্থীসহ অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (১১ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা করা দেশটির সরকারের অন্যতম দায়িত্ব। সে কারণে সরকার নিশ্চিত করতে চায়, অভিবাসীরা যেন অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন এবং সরকারি সহায়তা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করেন।
এ প্রেক্ষাপটে গত ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, বাংলাদেশের কিছু নাগরিকের মধ্যে সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন দূতাবাস আরও জানায়, এই সাময়িক স্থগিতাদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়া আরও কার্যকরভাবে পর্যালোচনা এবং শক্তিশালী করার সুযোগ তৈরি হবে, যাতে দেশটির নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া যায়।
তবে দূতাবাস স্পষ্ট করেছে, এই সিদ্ধান্ত শুধুমাত্র অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। ফলে পর্যটক, শিক্ষার্থী, ব্যবসায়িক সফরসহ অন্যান্য অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা কার্যক্রম আগের নিয়মেই চালু থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC