
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লার বরুড়ায় ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার ও পরে দাফন করা এক নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী এরশাদ হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, নিহত নারীর নাম রোজিনা বেগম (৩২)। তিনি গ্রেপ্তার এরশাদ হোসেনের স্ত্রী।
গত ৮ সেপ্টেম্বর বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের উত্তর ওড্ডা এলাকায় একটি ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় বরুড়া থানায় ১২ সেপ্টেম্বর মামলা করা হয়। মামলাটি হত্যা, আলামত গোপন এবং সহযোগিতার অভিযোগে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ মিয়া জানান, তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে এরশাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অজ্ঞাত মরদেহটির পরিচয় রোজিনা বেগম হিসেবে শনাক্ত করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তদন্তে পাওয়া তথ্য ও আসামির বক্তব্যে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রোজিনা বেগমকে হত্যা করে তার মরদেহ গোপন করা হয়।
পরে ২ অক্টোবর গ্রেপ্তার এরশাদ হোসেন কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC