
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের খিলা দক্ষিণ বাজারে দীর্ঘদিনের 'মরণফাঁদ' হিসেবে পরিচিত সেই ইউটার্নটি অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে ঝুঁকিপূর্ণ এই ইউটার্নটি বন্ধ করা হয়।
এখন থেকে সব যানবাহনকে প্রায় আড়াই কিলোমিটার সামনে লুধুয়া পেট্রোল পাম্পের ইউটার্ন ব্যবহার করতে হবে। ঘটনাস্থল পরিদর্শন শেষে সেনা কর্মকর্তা, পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা যৌথভাবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন।
অনুসন্ধানে জানা গেছে, এই ইউটার্নে ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ ছিল উল্টো পথে যানবাহনের চলাচল। গত তিন বছরে এখানে অন্তত ৫৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে ১১ জন যাত্রী, পথচারী ও চালক প্রাণ হারিয়েছেন। এছাড়াও অসংখ্য মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, খিলা বাজারে প্রবেশ ও বাহির হওয়ার জন্য অনেক পরিবহন ও প্রাইভেট গাড়ি উল্টো পথে ইউটার্ন অতিক্রম করত। এতে দ্রুতগতির উভয়মুখী যানবাহন হঠাৎ বিভ্রান্ত হয়ে দুর্ঘটনার শিকার হতো। ফোর লেন উন্নয়নের পর থেকে এই ইউটার্নটি যেন 'মৃত্যুকূপে' পরিণত হয়েছিল। চলতি বছরের সাড়ে আট মাসে এখানে অন্তত ১০টি দুর্ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে একটি ভয়াবহ দুর্ঘটনায় খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মো. শাহ আলম (৫৫) ও বাদল (১৮) নামে দুই ইজিবাইক যাত্রী নিহত হন। হিমাচল পরিবহনের একটি বাস তাদের ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হন।
এই মর্মান্তিক ঘটনার পর দিন বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের মাসিক উন্নয়ন সভায় বিষয়টি আলোচনায় আসে। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমেদ তৈয়্যব, কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার, পুলিশ সুপার, সেনাবাহিনীর ২৩ বীর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান এবং লাকসাম হাইওয়ে থানার ওসি আদেল আকবরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় দুর্ঘটনা রোধে অবিলম্বে খিলা দক্ষিণ বাজারের ইউটার্ন বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, শনিবারই সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সওজ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ইউটার্নটি বন্ধ করে দেন।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, "বিপজ্জনক এই ইউটার্নে দুর্ঘটনার মূল কারণ ছিল উল্টো পথে যানবাহন চলাচল। এটি বন্ধ হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।"
জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, "ইউটার্নটি যেহেতু ঝুঁকিপূর্ণ, তাই এটি বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।"
সওজের উপবিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান বলেন, "খিলা দক্ষিণ বাজারের ইউটার্ন বন্ধের সিদ্ধান্ত জেলা প্রশাসনের উন্নয়ন সভাতেই নেওয়া হয়। সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সওজ কর্মকর্তারা যৌথভাবে পরিদর্শন শেষে এটি আপাতত বন্ধ ঘোষণা করেছেন। আমরা তা বাস্তবায়ন করেছি। সবাইকে সড়ক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC