বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের সম্মান ও অধিকার ফিরিয়ে দেওয়া হবে: মনিরুল হক চৌধুরী

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Mothers' respect and rights will be restored through family cards- Monirul Haque Chowdhury
ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের সম্মান ও অধিকার ফিরিয়ে দেওয়া হবে: মনিরুল হক চৌধুরী

কুমিল্লা–৬ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, কোনো করুণা বা অনুদান নয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের সম্মান ও অধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এই মহৎ উদ্যোগের ঘোষণা দিয়েছেন, যাতে দেশের মা-বোনেরা আর নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য কারো কাছে হাত পাততে না হয়।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকালে তিনি জগন্নাথপুর ইউনিয়নের আরকু চৌমুহনী, ধনপুর ও রঘুপুর এলাকায় গণসংযোগ করেন। দুপুরে কুমিল্লা টাউন হলে ন্যাপ নেতা বশির আহমেদের জানাযায় অংশ নেন। বিকেলে চৌয়ারা ইউনিয়নের বামিশা হাইস্কুল মাঠ, বালুতুপা এবং ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। দিনশেষে রাত ৯টায় কুমিল্লাস্থ চৌদ্দগ্রাম সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

নির্বাচনী সভায় মনিরুল হক চৌধুরী বলেন, মা-বোনেরা যেন নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য অপেক্ষা করতে না হয়, ছোটখাটো শখ পূরণে কারো কাছে টাকা চাইতে না হয়—এই চিন্তা থেকেই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা। কিন্তু রাজনৈতিক বিরোধীরা এই উদ্যোগকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। তারা চায় মা-বোনেরা সারাজীবন অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকুক। তাই এই ভালো উদ্যোগও তারা মেনে নিতে পারছে না।

তিনি বলেন, আমরা ছোটবেলা থেকেই মায়ের আঁচল থেকে টাকা নিই। বাবারা বিপদে পড়লে মায়েরা জমানো টাকা দিয়ে সংসার সামলান। অথচ দিনশেষে খাবারের পাতিলের শেষ অংশটুকুই মায়েরা খান। এই ত্যাগের কারণেই মায়েদের পাশে দাঁড়াতে তারেক রহমান ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন।

দলীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, আপনারা যে যেই গ্রুপই করুন না কেন, সবাই জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন। নির্বাচনের আগে কিংবা পরে কোনো নেতাকর্মীর ওপর অত্যাচার করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এক-এগারোর সময় দেশবাসী তা দেখেছে, আজ আবারও সেই বাস্তবতা প্রত্যক্ষ করছে। দেশের এই ক্রান্তিলগ্নে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।

মনিরুল হক চৌধুরী বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক দেশকে আবারও নির্বাচনমুখী করেছে। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

জনসভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাবেক সভাপতি এস এ বারী সেলিম, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন