
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর (ডিসেবল) করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এ তথ্য জানান।
ফেসবুক লাইভে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার “হাসনাত আব্দুল্লাহ” নামের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ার পর কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মাধ্যমে আমার আইডিটি বন্ধ করে দেওয়া হয়।’
তিনি আরও জানান, ব্যক্তিগত আইডি অকার্যকর হয়ে যাওয়ায় এখন থেকে তিনি নিয়মিত তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই সক্রিয় থাকবেন। এর আগে এই পেজটি মূলত তার অ্যাডমিনরাই পরিচালনা করতেন।
আইডি হারিয়ে ফেলায় যোগাযোগ সচল রাখতে সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের বক্তব্য ও সংবাদ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে অনুসারীরা যেন তার ভেরিফায়েড ফেসবুক পেজটি নিয়মিত শেয়ার করেন।
এদিকে, ব্যক্তিগত আইডিটি বন্ধ থাকায় গত কয়েক দিন ধরে ভক্ত ও সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা।









