
রাইজিং কুমিল্লা প্রতিবেদন
ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিকের (দাঁড়িপাল্লা) নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতের আমির মুজিবুর রহমান অভিযোগ করে জানান, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতের অন্ধকারে চরচান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিকের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা ও ভাঙচুর করা হয়।
তিনি দাবি করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে প্রতিহিংসামূলক রাজনীতির অপচেষ্টা চালাচ্ছে।
মুজিবুর রহমান বলেন, এ ধরনের ন্যক্কারজনক ও নিন্দনীয় কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করে।
এ ঘটনায় উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। একইসঙ্গে তিনি সব রাজনৈতিক পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সুস্থ, সহনশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন।
এদিকে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক বৃহস্পতিবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এ ঘটনায় লিখিত অভিযোগ জানান।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC