
রাইজিং কুমিল্লা ডেস্ক
ফেনীতে পৃথক অভিযান চালিয়ে ৭১৫ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৮ নভেম্বর) বিকেল ও রাতে শহরের দুটি আবাসিক ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (৯ নভেম্বর) সকালে আটক ব্যক্তিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আবুল কালাম আজাদের ছেলে শাজেদুল আজাদ ওরফে দিদার (৪৯), একই ইউনিয়নের আবুল কালাম মাস্টারের ছেলে আসাদুজ্জামান আজাদ (৪৮) এবং ধর্মপুর ইউনিয়নের অহিদুর রহমানের ছেলে আব্দুর রহমান ওরফে রাকিব (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে ফেনী শহরের শাহীন একাডেমি রোডের ফয়েজ পাটোয়ারী সড়কের সাইদ ম্যানশনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি করে ৭১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় শাজেদুল আজাদ ওরফে দিদারকে আটক করা হয়।
পরে একই দিন গভীর রাতে শহরের পাঠানবাড়ী সড়কের বিসমিল্লাহ টাওয়ারের ষষ্ঠ তলায় আব্দুর রহমান ওরফে রাকিবের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং রাকিবকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় পৃথক দুটি মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার ও সংশ্লিষ্টদের আটক করা হয়েছে।
অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, আটক ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতেন। পাশাপাশি নিজেরাও এসব মাদক সেবন করতেন। তাদের গতিবিধি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণের পর অভিযান চালানো হয়।
তিনি মাদক নিয়ন্ত্রণে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার এবং সংশ্লিষ্ট অধিদপ্তরকে সহযোগিতা করার আহ্বান জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC