
রাইজিং কুমিল্লা ডেস্ক
ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে চরম স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) কক্ষকে রান্নাঘর ও বিশ্রামকক্ষে পরিণত করা হয়েছে, যা প্রসূতি মায়েদের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে।
জানা গেছে, প্রায় দুই বছর ধরে হাসপাতালের অত্যন্ত সংবেদনশীল ওটি রুমে নার্সরা গ্যাসের চুলায় পিঠাসহ নানা ধরনের রান্না করছেন বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, অপারেশন থিয়েটারের আশপাশে অবাধ যাতায়াত চলায় জীবাণু সংক্রমণ ও স্বাস্থ্যঝুঁকি বহুগুণে বেড়ে যাচ্ছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি এই অনিয়মের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতালের ভেতরে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার এমন চরম অবহেলায় রোগী ও তাদের স্বজনরা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন।
ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
কমিটির নেতৃত্বে রয়েছেন জ্যেষ্ঠ কনসালটেন্ট ও সহকারী পরিচালক ডা. জালাল উদ্দিন।
সদস্য হিসেবে আছেন সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আদনান আহমদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম বলেন, “ওটি রুমে রান্না কোনোভাবেই কাম্য নয়। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, “যারা আমাদের জীবন রক্ষার দায়িত্বে রয়েছেন, তাদের কাছ থেকেই আমরা নিরাপত্তাহীনতা অনুভব করছি। বিষয়টি একেবারেই অগ্রহণযোগ্য।”
স্বাস্থ্যবিধি লঙ্ঘনের এই ঘটনাকে হাসপাতাল ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে লেবার ওয়ার্ড ও অপারেশন থিয়েটারের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন রোগী, স্বজন ও সচেতন মহল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC