
সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফুলগাজী ও পরশুরাম উপজেলার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৩ মার্চ) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান।
জানা গেছে, ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মজুমদার বাড়িতে সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবারের বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে ঘটনাস্থলে ছুটে যান ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান। এ সময় তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত এক নারীকে ১০ হাজার টাকার নগদ সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ আজাদ ভূঞা, ইউনিয়ন আমীর মাওলানা ইসহাক ভূঞাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
একই দিন জামায়াতের আমীর ছাগলনাইয়া উপজেলার শুভপুরের জয় চাঁদপুর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানে যান। সেখানে তিনি নিঃস্ব হয়ে পড়া দুটি পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় মুফতি আবদুল হান্নান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো আমাদের জন্য গর্বের বিষয়। আগামীতেও দেশের মানুষের সুসময় ও দুঃসময়—সব সময় আমরা পাশে থাকবো।”









