
ফেনীর দাগনভূঞা থানার পুকুর থেকে ২১৯ পিস শর্টগানের গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে পুকুরে সেচ দিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি নির্ভরযোগ্য সোর্সের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, দাগনভূঞা থানার পুকুরে গণঅভ্যুত্থানের সময় মিসিং হওয়া কিছু অস্ত্র থাকতে পারে। এ তথ্যের ভিত্তিতে পুকুরটিতে সেচ কার্যক্রম চালানো হয়।
পরে তল্লাশি চালিয়ে পুকুর থেকে অক্ষত অবস্থায় ২১৯টি শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া বুলেটগুলোর গায়ে বাংলাদেশ পুলিশ লেখা রয়েছে।
এ ঘটনায় আরও কোনো অস্ত্র বা গোলাবারুদ রয়েছে কিনা তা নিশ্চিত হতে পুকুরে এখনো তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।









