শনিবার ২১ ফেব্রুয়ারি, ২০২৬

ফেনীর দাগনভূঞায় অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - 11 shops in Korayshmunsi Bazaar burnt to ashes in Feni's Dagonbhuiyan fire
ফেনীর দাগনভূঞায় অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই/ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজাপুর ইউনিয়ন এর কোরাইশমুন্সি বাজারে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, বাজারের টু-স্টার হোটেলের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে দাহ্য পণ্য ও বিপুল পরিমাণ মালামাল থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফেনী ইউনিটের তিনটি এবং সেনবাগ উপজেলা থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদি, ইলেকট্রনিক্স ও গুদামঘর রয়েছে। ব্যবসায়ীরা জানান, নগদ অর্থ, আসবাবপত্র ও বিপুল পরিমাণ মালামাল আগুনে পুড়ে গেছে।

বাজারের মোল্লা স্টোরের মালিক কামাল উদ্দিন বলেন, তার প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। রমজানকে সামনে রেখে এমন ক্ষতিতে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন এবং সরকারের সহযোগিতা কামনা করেছেন।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি গ্যাসের চুলা—তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে দীর্ঘদিন ধরে দাগনভূঞায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি থাকলেও তা বাস্তবায়িত হয়নি বলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন