
নিজস্ব প্রতিবেদক
ফেনীতে দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে এক হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টা ১৮ মিনিটের দিকে ফেনীর পরশুরাম উপজেলার মুহুরী সেতুর কাছে খেয়াঘাট এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী দুটি বৃক্ষরোপণও করেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটিই তার প্রথম সরকারি সফর। দিনব্যাপী সফরে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
উদ্বোধন করা প্রকল্পটি বাস্তবায়িত হলে মুহুরী ও কহুয়া নদীকেন্দ্রিক বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং সেচব্যবস্থার উন্নয়ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বন্যার ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন ও নদীতীরবর্তী মানুষের জীবন-সম্পদ সুরক্ষায় প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
একনেক অনুমোদিত প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। এর প্রথম পর্যায়ের কাজ এখন শুরু হচ্ছে। প্রকল্পের আওতায় প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ৮৩ দশমিক ৫ কিলোমিটার নদী পুনঃখনন এবং ব্লক স্থাপনসহ ১১ দশমিক ৫ কিলোমিটারের বেশি নদীতীর সংরক্ষণের কাজ করা হবে।
এ ছাড়া প্রকল্পের আওতায় একটি আধুনিক হাইড্রোলিক এলিভেটেড বাঁধ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
ফেনীর প্রধান ১২২ কিলোমিটার দীর্ঘ বাঁধটির নির্মাণকাজ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মেয়াদে শুরু হয়েছিল। দীর্ঘ সময় পর বাঁধটির আধুনিকায়ন ও সম্প্রসারণের পাশাপাশি নতুন বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ায় প্রকল্পটিকে স্থানীয়ভাবে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
পরশুরাম, ফুলগাজীসহ ফেনীর বিভিন্ন বন্যাপ্রবণ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে টেকসই বাঁধ, কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা ও আধুনিক সেচসুবিধার দাবি জানিয়ে আসছেন। নতুন প্রকল্পের মাধ্যমে এসব সমস্যা অনেকাংশে কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রীর সফরসূচিতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ ও কৃষি সহায়তাসংক্রান্ত কর্মসূচিও রয়েছে।
এর অংশ হিসেবে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন সহায়তা এবং ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার আনুষ্ঠানিকতাও থাকবে। এ ছাড়া ফুলগাজীতে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC