বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

ফেনীতে শিকারিদের ফাঁদ থেকে ৯০টি পাখি উদ্ধার করে মুক্ত করলো বিজিবি

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -BGB rescues and frees 90 birds from poachers' traps in Feni
ফেনীতে শিকারিদের ফাঁদ থেকে ৯০টি পাখি উদ্ধার করে মুক্ত করলো বিজিবি/ছবি: বিজিবির সৌজন্যে

ফেনীর পরশুরাম উপজেলায় শিকারিদের পাতা ফাঁদ থেকে আটক করা ৯০টি শালিক পাখি উদ্ধার করে মুক্ত আকাশে উড়িয়ে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলরত সদস্যরা।

সোমবার (২৪ নভেম্বর) সকালে পরশুরাম উপজেলার গুথুমা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনীস্থ অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বিজিবি সদস্যরা জানান, প্রতিদিনের নিয়মিত টহলের অংশ হিসেবে তাঁরা গুথুমা সীমান্ত এলাকায় গেলে এক অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিকে দেখতে পান। ওই ব্যক্তি বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি বাঁশের ঝুড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়। টহলরত বিজিবির সদস্যরা তখন ঝুড়ির কাছে গিয়ে দেখতে পান, অসংখ্য শালিক পাখি ওই খাঁচার ভেতর বন্দি। ধারণা করা হচ্ছে, শিকারিরা ফাঁদ পেতে এসব পাখি আটক করেছিল। বিজিবির আগমন টের পাওয়ায় শিকারিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে বাধ্য হয়।

গুথুমা বিজিবি ক্যাম্পের সদস্যরা পাখিগুলো গণনা করে নিশ্চিত হন যে খাঁচার ভিতরে মোট ৯০টি শালিক পাখি রয়েছে। এরপর তাঁরা ওই সীমান্ত এলাকাতেই পাখিগুলোকে তাৎক্ষণিকভাবে মুক্ত আকাশে অবমুক্ত করে দেন।

স্থানীয় বাসিন্দা ওবায়দুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে একটি চক্র বিশেষ ধরনের ফাঁদ ব্যবহার করে শালিক পাখিসহ বিভিন্ন ধরনের পাখি আটক করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। প্রতিদিন ভোরবেলা তারা এসব পাখি ফাঁদ পেতে ধরে নিয়ে যায়।

তিনি বলেন, “সোমবার সকালে শিকারিরা বিজিবির সদস্যদের দেখে খাঁচাসহ পাখি রেখেই দ্রুত পালিয়ে যায়। ক্যাম্পের বিজিবি সদস্যরা সঙ্গে সঙ্গেই পাখিগুলোকে মুক্ত করে দেন।”

আরও পড়ুন