
নিজস্ব প্রতিবেদক
ফেনীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত মনিটরিং ও সুপারভিশন কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিদর্শন দল।
বুধবার (২৮ অক্টোবর) শহরের তিনটি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনকালে লাইসেন্স না থাকায় নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার মোবাইল কোর্টের মাধ্যমে সিলগালা করা হয়েছে।
ফেনী জেলার সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামানের নির্দেশনায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শন দলের সদস্যরা হলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম ফাহাদ এবং কার্যালয়ের এমটি (ল্যাব) মাইনউদ্দিন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার শামীমা আক্তার উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিকা অনুসারে প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র ও অবকাঠামোগত সুবিধা যাচাই করা হয়। এর মধ্যে ছিল ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি, ফায়ার সার্ভিস লাইসেন্স এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র।
এ ছাড়া প্রতিষ্ঠানের অভ্যর্থনা কক্ষ, নমুনা সংগ্রহ কক্ষ, এক্স-রে ও ল্যাবরেটরি কক্ষের পরিবেশ, যন্ত্রপাতির মান ও কার্যকারিতা এবং ল্যাবে জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা হচ্ছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন পরিদর্শন দলের সদস্যরা।
পরিদর্শন করা তিনটি প্রতিষ্ঠান হলো নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং নিরাময় ডায়াগনস্টিক সেন্টার।
এদিকে, কয়েকটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একজন ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিরাময় ডায়াগনস্টিক সেন্টার, মেডিস্ক্যান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার।
এ বিষয়ে জেলার সব ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ফেনীর জনগণ যাতে সুষ্ঠু, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, তা নিশ্চিত করতে সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামানের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত রেখেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC