শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ফেনীতে রেললাইনের ফিশপ্লেট বিচ্ছিন্ন করে নাশকতার অপচেষ্টা

রাইজিং কুমিল্লা অনলাইন

ফেনীতে রেললাইনের ফিশপ্লেট বিচ্ছিন্ন করে নাশকতার অপচেষ্টা/ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী অংশে ফিশপ্লেট বিচ্ছিন্ন করে রেল যোগাযোগে নাশকতার চেষ্টা চালিয়েছিল দুর্বৃত্তরা। তবে রেলওয়ে কর্মী ও কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জেলার দক্ষিণ সহদেবপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের উপর এ নাশকতার অপচেষ্টা চালানো হয়। দুর্বৃত্তরা রেলপথের যন্ত্রাংশ খুলে ফেলে এবং কিছু নাট খুলে ফিশপ্লেট আলাদা করে রেল বিটটি সিগন্যাল বাতির খুঁটির সাথে বাঁকা করে বেঁধে দেয়।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, ফেনী রেলস্টেশন থেকে প্রায় ১,৫০০ মিটার দূরে দক্ষিণ সহদেবপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় রাতের আঁধারে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রেলপথের আপলাইনে ৮৯.০.১ অংশে একটি রেল বিটের ফিশপ্লেট, ছয়টি নাট, ২০টি কার্ড স্লিপার এবং ৪০টি ইআরসি খুলে ফেলে। এরপর তারা রেলবিটটি প্রায় এক ফুট দূরে পাশের সিগন্যাল বাতির খুঁটির সঙ্গে বেঁধে দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, গেটম্যান আমিনুল ইসলাম সকালে দায়িত্ব পালনে গিয়ে রেললাইনের ওপর এক টুকরো কাপড় এবং খুলে ফেলা রেল বিট দেখতে পান। তাৎক্ষণিক তিনি বিষয়টি রেল পুলিশকে অবহিত করেন। খবর পেয়েই জিআরপি (গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ), পুলিশ এবং রেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর প্রায় দেড় ঘণ্টা মেরামত কাজ চালিয়ে লাইনটি সচল করা হয়। ফলে একটি মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়।

স্টেশন মাস্টার মো. হারুন বলেন, “এটি পরিকল্পিত নাশকতার চেষ্টা বলে আমরা ধারণা করছি।” দুর্বৃত্তদের এ ঘটনায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি নির্ধারিত সময় সকাল সোয়া ৭টার বদলে প্রায় ২ ঘণ্টা দেরিতে, অর্থাৎ সকাল সোয়া ৯টায় ওই এলাকা অতিক্রম করে। এতে যাত্রীদের বেশ ভোগান্তি হয়েছে।

ফেনী রেলওয়ের প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার আলম বলেন, “এটি নাশকতা অথবা মাদকাসক্তদের কাণ্ড হতে পারে।” এ বিষয়ে লাকসাম জিআরপি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন