
নিজস্ব প্রতিবেদক

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামে প্রবাসীর স্ত্রী রিনা আক্তার (৪০) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নির্মাণশ্রমিক সাইফুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ ও পিবিআইয়ের যৌথ টিম।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও ক্রাইম) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার সাইফুলকে নিয়ে অভিযানকারী দল ফেনীর পথে রয়েছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সাইফুল ইসলাম নির্মাণশ্রমিকের পাশাপাশি সিএনজি অটোরিকশা চালাতেন। এছাড়া তিনি মাদকাসক্ত ছিলেন বলেও স্থানীয়দের অভিযোগ।
অভিযুক্ত সাইফুল ইসলাম ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামের আবুল খায়েরের ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে প্রবাসী মানিক মিয়ার নির্মাণাধীন ঘরে তার স্ত্রী রিনা আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যায় ঘাতক।
পরবর্তীতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী ফওজুল আজিম জানান, বুধবার নিহত রিনার বড় ছেলে আরজু বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ ও পিবিআই যৌথভাবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC