
বুধবার সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল-শেডে এই কোর্সের উদ্বোধন করেন ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে জেলায় সদ্য যোগদানকৃত ২৪ জন নবীন পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার হাবিবুর রহমান নবীন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, “তোমরা বাংলাদেশ পুলিশের সবচেয়ে নবীন সদস্য। হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাই হয়ে আসা তোমাদের দক্ষতা ও যোগ্যতারই প্রমাণ। বেসিক ট্রেনিং সম্পন্ন করে আজ থেকে তোমাদের বাস্তব প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু হলো।”
পুলিশ সুপার আরও উল্লেখ করেন যে, এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমেই পুলিশের দায়িত্ব ও কর্তব্যের বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হবে। এ সময় তিনি পুলিশের চাকরিকে একটি ‘মহান পেশা’ হিসেবে উল্লেখ করে এর মর্যাদা ও শৃঙ্খলা সর্বদা অক্ষুন্ন রাখার আহ্বান জানান। তিনি নবীন সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।









