
রাইজিং কুমিল্লা ডেস্ক
ফেনীর ছাগলনাইয়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিরাজ মিয়া (৪০) নামে তাবলীগ জামাতের এক সাথী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের পৌরসভার মাস্টারপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের বাসিন্দা। পেশায় কৃষক সিরাজ মিয়া ৪০ দিনের চিল্লায় অংশ নিতে ১৩ সদস্যের একটি তাবলীগ জামাতের দলের সঙ্গে গত ১৬ সেপ্টেম্বর ছাগলনাইয়ায় আসেন।
আহত তাবলীগ জামাতের সাথী নুর ইসলাম জানান, মঙ্গলবার সকালে তারা ছৈতলা এলাকা থেকে সিএনজি অটোরিকশায় করে বাজার করার জন্য ছাগলনাইয়া যাচ্ছিলেন। অটোরিকশাটি মাস্টারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিরাজ মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জানান, সিরাজ মিয়াকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার পায়ে গুরুতর জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ছাগলনাইয়া থানার ডিউটি অফিসার এএসআই রুবেল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC