
রাইজিং কুমিল্লা ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে কুমিল্লার দুই বাসিন্দা ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার ট্রাকচালক জাহাঙ্গীর আলম (৪০) এবং বরুড়া উপজেলার হেলপার রাকিব হোসেন (১৮)।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত প্রায় ২টার দিকে মহাসড়কের ভোজন বাড়ি রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাকের চাকা ফেটে গেলে সেটি মহাসড়কের পাশে থামানো হয়। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের পর ট্রাকে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ট্রাকের চালক ও হেলপারসহ মোট ৯ জন আহত হন।
পরে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক মো. জাহাঙ্গীর আলম (৪০) ও হেলপার রাকিব হোসেনকে (১৮) মৃত ঘোষণা করেন।
ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী দুর্ঘটনায় দুইজন নিহত ও সাতজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC