
নিজস্ব প্রতিবেদক
ফেনীতে টিকটক ভিডিও বানানোর সময় ছয় বছরের এক শিশু শিক্ষার্থীকে উত্যক্ত, হাত ধরে টানাটানি এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভুক্তভোগী শিশুর বাবা ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন। তিনি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই দুপুর ১২টা ১০ মিনিটের দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী। এ সময় গোবিন্দপুর এলাকায় অ্যাডভোকেট মফিজুর রহমানের বাড়ির সামনে অভিযুক্ত তিন যুবকের মধ্যে দুজন শিশুটির হাত ধরে টানাটানি করে উত্যক্ত করে। অপর একজন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার পর ভয়ে শিশুটি কাউকে কিছু জানায়নি। পরদিন রাতে বাবার কাছে বিষয়টি খুলে বললে পরিবারের সদস্যরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ঘটনার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে ভিডিও দেখে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়।
মামলায় আসামি করা হয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলার মৈশাইল গ্রামের মনির হোসেনের ছেলে এবং বর্তমানে ফেনী সদরের উত্তর সিলোনিয়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেন (২০), পশ্চিম সিলোনিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সালমান (২০) এবং সাত্রাসিদ্ধি গ্রামের মনির আহাম্মদের ছেলে মাহফুজকে (১৯)।
বাদীর অভিযোগ, অভিযুক্তরা তার মেয়ের শ্লীলতাহানির উদ্দেশ্যে অশোভন আচরণ ও উত্যক্ত করেছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি থানায় মামলা দায়ের করেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামি মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC