
রাইজিং কুমিল্লা ডেস্ক
ফেনীর ছাগলনাইয়ায় গভীর রাতে জানালার গ্রিল কেটে একটি বাসায় ঢুকে ওমানপ্রবাসী এক ব্যক্তিকে কুপিয়ে আহত এবং তার স্ত্রীকে মারধরের পর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে ডাকাত দলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া বনানীপাড়ার ভূঁইয়া ভবনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুর রশিদ ভূঁইয়া জানান, তিনি তার স্ত্রীকে নিয়ে ভবনটির দ্বিতীয় তলায় বসবাস করেন। রাত ৩টার দিকে একদল ডাকাত বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা তাকে কুপিয়ে আহত করে এবং তার স্ত্রীকে মারধর করে।
অভিযোগ অনুযায়ী, পরে ডাকাত দলের সদস্যরা বাসা থেকে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় বাসায় আব্দুর রশিদ ও তার স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না।
আহত আব্দুর রশিদ পরে ভোরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
ঘটনার খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইসমাইল জানান, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণসহ ঘটনার তদন্ত চলছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC