মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬

ফুসফুসের ক্যানসার নিয়ে আমাদের যত ভুল ধারণা!

লাইফস্টাইল ডেস্ক

Rising Cumilla - Lungs
ফুসফুস/ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায় ফুসফুসের ক্যানসারের হার দ্রুত বাড়ছে। চিকিৎসকদের মতে, রোগটি দেরিতে ধরা পড়ার অন্যতম কারণ বিভিন্ন প্রচলিত ভুল ধারণা। সময়মতো স্ক্রিনিং ও চিকিৎসা শুরু করতে পারলেই জীবন বাঁচানোর সুযোগ অনেক বেড়ে যায়। তাই এসব ভুল ধারণা ভাঙা জরুরি।

ধূমপান ফুসফুসের ক্যানসারের বড় ঝুঁকি হলেও এটাই একমাত্র কারণ নয়। গবেষণায় দেখা যায়, প্রায় ২০ শতাংশ রোগী কখনো ধূমপান করেননি। দীর্ঘদিন বায়ুদূষণের মধ্যে থাকা, অ্যাসবেস্টস বা রাডনের সংস্পর্শ, পরিবারে ক্যানসারের ইতিহাস—এসব কারণেও ঝুঁকি তৈরি হতে পারে। তাই নন-স্মোকারদের জন্যও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সমান গুরুত্বপূর্ণ।

শুরুর দিকে ফুসফুসের ক্যানসারের লক্ষণ বেশ অনির্দিষ্ট থাকে। দীর্ঘস্থায়ী কাশি, হালকা শ্বাসকষ্ট বা অকারণে ক্লান্তি—অনেকেই এসবকে সাধারণ সমস্যা ভেবে গুরুত্ব দেন না। অথচ লো-ডোজ সিটি স্ক্যান এসব উপসর্গ দেখা দেওয়ার আগেই টিউমার শনাক্ত করতে পারে।

ধারণা রয়েছে, দীর্ঘ কাশি মানে ইনফেকশন। কিন্তু তিন সপ্তাহের বেশি স্থায়ী কাশি, রক্ত উঠা, ওজন কমে যাওয়া—এসবই ক্যানসারের ইঙ্গিত হতে পারে। সাধারণ অ্যান্টিবায়োটিকে কাজ না করলে ব্রঙ্কোস্কপি বা সিটি স্ক্যান করানো জরুরি, কারণ এক্স-রে অনেক সময় টিউমার ধরতে ব্যর্থ হয়।

চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে রোগটির চিকিৎসা এখন অনেক উন্নত। টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি ও প্রিসিশন মেডিসিন রোগীর জেনেটিক বৈশিষ্ট্য অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করতে সক্ষম। পাশাপাশি মিনিমালি ইনভেসিভ ও রোবোটিক সার্জারি দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ায়।

বয়স বাড়লে ঝুঁকি বেশি হলেও তরুণরাও এ রোগে আক্রান্ত হতে পারে। জেনেটিক কারণ, ভয়াবহ বায়ুদূষণ বা ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শ তরুণদের মধ্যেও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তাই বয়স নির্বিশেষে ঝুঁকি থাকলে স্ক্রিনিং গুরুত্বপূর্ণ।

ফুসফুসের ক্যানসার সম্পর্কে ভুল ধারণা রোগ শনাক্তে দেরি তৈরি করে। চিকিৎসকদের অভিজ্ঞতা বলছে—যত দ্রুত রোগ শনাক্ত হয়, চিকিৎসার ফল তত ভালো হয়। তাই কাশি, শ্বাসকষ্ট বা অকারণে ক্লান্তির মতো সাধারণ উপসর্গও অবহেলা না করাই সঠিক সিদ্ধান্ত। ধূমপান, দূষণ বা জেনেটিক ঝুঁকি—যে কারণই থাকুক না কেন, সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ফুসফুসের ক্যানসার প্রতিরোধের সবচেয়ে সহজ পথ।

 

সূত্র : এই সময় অনলাইন

আরও পড়ুন