
রাইজিং ডেস্ক
দেশের নতুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলটির জন্য প্রতীক বরাদ্দ করা হয়েছে ‘ফুলকপি’। আদালতের আদেশে দলটিকে নিবন্ধন দেওয়া হলো। এর মধ্য দিয়ে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ এ।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের (রিট ৬৪৩১/২০২৩) এর গত ১২ ডিসেম্বরের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে ‘ফুলকপি’। নিবন্ধন নম্বর ৫৪।”
নির্বাচন কমিশন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) নিবন্ধন না দেওয়ায় হাই কোর্টে রিট আবেদনটি করেছিলেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম।
এরআগে ২০২২ সালের ২৬ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। কিন্তু ১০ এপ্রিল ২০২৩ সালে নির্বাচন কমিশন তাদের আবেদন নামঞ্জুর করে।
নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৪টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল করা হয়।
উল্লেখ্য, ছাত্র-জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।
এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর আদালতের আদেশে বিডিপি নিবন্ধন পেল; এখন নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪৯টি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে বর্তমান ইসির।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC