
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই বিশ্বকাপের সোনালি ট্রফি এসে পৌঁছেছে বাংলাদেশে। এই সফরকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে ফিফা বিশ্বকাপ ট্রফিকে স্বাগত জানানো হয়।
এটি বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ট্রফির চতুর্থ সফর।
এ সময় ফিফার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
আগামী ১১ জুন মেক্সিকো থেকে শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। মূল আসরের আগে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে দিতে ফিফা আয়োজন করেছে বিশ্বকাপ ট্রফি ট্যুর, যার অংশ হিসেবেই ট্রফিটি বাংলাদেশে এসেছে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি ঢাকার পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লুতে নেওয়া হয়। দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে প্রদর্শনের জন্য রাখা হবে বিশ্বকাপের এই ঐতিহাসিক ট্রফি।
কোকা-কোলার স্পন্সরশিপে আয়োজিত এই অনুষ্ঠানে কেবল কোকা-কোলার বিশ্বকাপ ক্যাম্পেইনের নির্বাচিত অংশগ্রহণকারীরাই ট্রফিটি দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে প্রবেশের জন্য অংশগ্রহণকারীদের সঙ্গে বৈধ টিকিট (প্রিন্ট কপি অথবা স্ক্রিনশট) এবং কোকা-কোলার ক্যাপ থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের জন্য কিছু নির্দিষ্ট নিয়মকানুনও নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে—ট্রফি স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ, বড় ব্যাকপ্যাক বহন করা যাবে না, ধূমপান নিষিদ্ধ, টিকিট হস্তান্তর করা যাবে না এবং কোনো দেশের পতাকা আনার অনুমতি নেই। পাশাপাশি ধারালো বা নিষিদ্ধ কোনো সামগ্রী সঙ্গে আনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
ফিফা বিশ্বকাপ ট্রফির এই সফর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলে মনে করছেন আয়োজকরা। একই সঙ্গে এটি আসন্ন বিশ্বকাপকে ঘিরে দেশের ফুটবল উন্মাদনা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলবে।










