
বিনোদন ডেস্ক
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে পারফর্ম করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি। কানাডার টরন্টোয় অনুষ্ঠিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে তার পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তবে অনুষ্ঠান শেষে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে উঠেছে—এই মঞ্চে পারফর্ম করার জন্য নোরা কত পারিশ্রমিক পেয়েছেন?
ভারতীয় গণমাধ্যমগুলোর একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে অংশ নেওয়া অধিকাংশ শিল্পী সরাসরি কোনো পারফরম্যান্স ফি পাননি। নোরা ফাতেহির ক্ষেত্রেও একই ধরনের তথ্য সামনে এসেছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা কিংবা নোরার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, শিল্পীদের নগদ পারিশ্রমিক না দিলেও তাদের যাতায়াত, আবাসন, কোরিওগ্রাফি, পোশাক, মঞ্চসজ্জা এবং প্রযুক্তিগত সহায়তাসহ অনুষ্ঠান-সংশ্লিষ্ট সব ব্যয় বহন করেছে ফিফা। ফলে নোরা কোনো সম্মানী পেয়েছেন কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
টরন্টোর উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহি পরিবেশন করেন ‘সির সির’ শিরোনামের গান, যা ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অন্যতম থিম সং হিসেবে পরিচিত। গানটিতে তার সঙ্গে রয়েছেন ফরাসি শিল্পী ভেজিড্রিম এবং সংগীত প্রযোজক সানজয়।
‘সির সির’ নামটি এসেছে একটি জনপ্রিয় মরক্কান ফুটবল স্লোগান থেকে, যার অর্থ ‘এগিয়ে চলো’ বা ‘গো, গো’। গানটিতে আরবি, ইংরেজি, ফরাসি এবং মরক্কান দারিজা ভাষার সংমিশ্রণ রয়েছে।
উদ্বোধনী আয়োজনে নোরা ফাতেহির পাশাপাশি অংশ নেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, জেসি রেয়েজ, এলিয়ানা এবং মাইকেল বুবলের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা।
অন্যদিকে মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন বিশ্বখ্যাত শিল্পী সাকিরা ও বার্না বয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত আরেকটি আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন কেটি পেরি। তার সঙ্গে মঞ্চে ছিলেন আনিতা, ফিউচার, লিসা, রিমা ও টায়লা।
উল্লেখ্য, এবারের ফিফা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর হিসেবে বিবেচিত হচ্ছে। উত্তর আমেরিকাজুড়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪৮টি দল। আগামী ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই মহাযজ্ঞের।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC