
রাইজিং স্পোর্টস
গত এক বছরের পারফরমেন্সের ভিত্তিতে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন পিএসজির ফরাসি তারকা ফরোয়ার্ড ওসমানে ডেম্বেলে। কাতারে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নারী বিভাগে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন বার্সেলোনা মিডফিল্ডার এইতানা বোনমাতি।
২০২৪ সালের ২২ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত সময়ের পারফরমেন্স বিবেচনায় ফিফা সদস্যভুক্ত সব দেশের সমর্থক, গণমাধ্যমকর্মী, জাতীয় দলের অধিনায়ক ও কোচদের ভোটের মাধ্যমে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।
২৮ বছর বয়সী ডেম্বেলে সেপ্টেম্বরে ব্যালন ডি’অর জয়ের পর এবার ফিফার বর্ষসেরা পুরস্কারও নিজের করে নিলেন। পিএসজির হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর কারণে তার এই অর্জন অনেকটাই প্রত্যাশিত ছিল। ফরাসি লিগ ওয়ানের শীর্ষ দলটি গত মৌসুমে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে, যেখানে ডেম্বেলের অবদান ছিল অনস্বীকার্য।
দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ডেম্বেলে হারিয়েছেন তার জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ও স্পেনের তরুণ বিস্ময় লামিন ইয়ামালকে। ভোটে ডেম্বেলে পেয়েছেন ৫০ পয়েন্ট, ইয়ামাল ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং এমবাপ্পে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন।
কাতারে পিএসজি ও ফ্ল্যামেঙ্গোর মধ্যকার ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালের প্রাক্কালে আয়োজিত বর্ষসেরা অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করে ডেম্বেলে বলেন,
“আমি এজন্য সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। কঠোর পরিশ্রমের ফল পেয়েছি। এটি আমার জন্য ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবেও চমৎকার একটি বছর ছিল।”
বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন। গত মৌসুমে পিএসজির হয়ে লিগ ও কাপ ডাবল জয়ের পাশাপাশি ইউরোপীয় সাফল্যে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৩৫টি গোল করেন।
বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে। তিনি বার্সেলোনার হান্সি ফ্লিক ও লিভারপুলের প্রিমিয়ার লিগজয়ী ম্যানেজার আর্নে স্লটকে পেছনে ফেলেন।
নারী বিভাগে টানা তৃতীয়বারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের মুকুট জিতেছেন ২৭ বছর বয়সী এইতানা বোনমাতি। এর আগে সেপ্টেম্বরে তিনি টানা তৃতীয় ব্যালন ডি’অরও জয় করেছিলেন।
পুরস্কার গ্রহণের পর কোচ, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বোনমাতি বলেন, “এই সম্মান পেয়ে আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
গত মৌসুমে তার নৈপুণ্যে বার্সেলোনা লিগ শিরোপা জয় করলেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেন এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা হেরে যায়, যা তাকে কিছুটা হতাশ করে। তবে ইউরো টুর্নামেন্টে তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। অসুস্থতার কারণে স্পেনের হয়ে প্রথম দুই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না বোনমাতি। পরে নেশন্স লিগ ফাইনালের দ্বিতীয় লেগে জার্মানির বিপক্ষে জয়ের আগে অনুশীলনে পায়ের হাড়ে চিড় ধরায় বর্তমানে মাঠের বাইরে রয়েছেন তিনি।
গ্রীষ্মে টানা তৃতীয়বারের মতো নারী ইউরো শিরোপা জয়ী ইংল্যান্ডের কোচ সারিনা উইগম্যান বর্ষসেরা নারী কোচের পুরস্কার অর্জন করেন।
পুরুষদের বিভাগে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ইতালিয়ান গোলকিপার গিয়ানলুইগি ডোনারুমা, যিনি পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। নারী বিভাগে এই পুরস্কার জিতেছেন ইউরো ২০২৫ জয়ী চেলসির গোলরক্ষক হান্নাহ হ্যাম্পটন।
সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন সান্তিয়াগো মন্টিয়েল। আর্জেন্টাইন শীর্ষ লিগে ইনডিপেন্ডেন্টে রিভাডাভিয়ার বিপক্ষে ইনডিপেন্ডেন্টের হয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে করা তার দুর্দান্ত ওভারহেড কিক গোলটি সর্বোচ্চ ভোট পায়।
এছাড়া মার্তা অ্যাওয়ার্ড জিতেছেন লিজবেথ ওভালেস। মেক্সিকান লিগে গুয়াডালাজারার বিপক্ষে টাইগার্সের হয়ে করা তার অসাধারণ স্করপিওন কিক গোলটি এই স্বীকৃতি পেয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC