
মাফরোহা তাসনিম
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে 'ফিজিক্স আড্ডা'য় নতুন দিগন্তের সূচনা হয়েছে। সেদিন বিভাগের কক্ষে ‘ফিজিক্স আড্ডা’ নামে মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। আড্ডার মূল লক্ষ্য ছিল—শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ ও উপভোগ্য করে তোলা এবং তত্ত্বীয় জ্ঞানের সঙ্গে ব্যবহারিকের সংযোগ স্থাপন। এই উদ্যোগটি শিক্ষার্থীদের মধ্যকার জ্ঞানচর্চা ও পারস্পরিক মতবিনিময়ের নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে।
এতে বিভাগের চারটি শিক্ষাবর্ষের প্রায় ৮০ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো সময় জ্ঞানগর্ভ-উৎসবমুখর পরিবেশ বিরাজমান ছিল। বিভাগের প্রভষক মো. আবদুল মমিন স্যার অনুষ্ঠান সঞ্চালনা করেন। ফিজিক্স আড্ডাকে তিনি সঠিকভাবে পরিচালনা করেন এবং প্রশ্নোত্তর পর্বকে প্রাণবন্ত করে তোলেন।
“Waves and Vibration” / ‘তরঙ্গ ও কম্পন’ ছিল ফিজিক্স আড্ডার বিষয়বস্তু। শিক্ষার্থীরা তাদের উপস্থাপনায় তরঙ্গ ও কম্পনের মৌলিক ধারণা, সিম্পল হারমোনিক মোশন, স্পন্দিত কণার সরণের সমীকরণ, তরঙ্গের প্রকারভেদ, LCR (এলসিআর) সার্কিট, ফুরিয়ার সিরিজ এবং টেলর সিরিজের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। আড্ডার আরেকটি বিশেষ দিক ছিল—গণিত ও পদার্থবিজ্ঞানের গভীর আন্তঃসম্পর্ককে গুরুত্ব দেওয়া। বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. কাউছার আহম্মেদ পাটোয়ারী স্যার এই সম্পর্কের ওপর জোরারোপ করেন। তিনি বলেছেন, 'পদার্থবিজ্ঞানের জটিল ধারণাগুলো বুঝতে গণিতের বিকল্প নেই।'
এই আড্ডায় শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞান নিয়েই আলোচনা করেননি। বরং তাত্ত্বিক জ্ঞানের সাথে ব্যবহারিক প্রয়োগ নিয়ে কথা বলেছেন। যেমন তরঙ্গতত্ত্ব কীভাবে সঙ্গীত, যোগাযোগ ব্যবস্থা এবং চিকিৎসা প্রযুক্তিতে ব্যবহৃত হয় তা শিক্ষার্থীরা চমৎকারভাবে উপস্থাপন করেন৷ মৌলিক বিষয়বস্তুর আলোচনার পর ছিল প্রশ্নোত্তর পর্ব যা সবচেয়ে আকর্ষণীয়। কোনো প্রশ্নের উত্তর দিতে শিক্ষার্থীরা ব্যর্থ হলে শিক্ষকরা তাদের সাহায্য করেন এবং আলোচনাকে আরও সমৃদ্ধ করেন।
এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন। এতে তাদের মধ্যে পদার্থবিজ্ঞানের প্রতি আগ্রহ আরও বেড়েছে। বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন স্যার বলেছেন, "এই ধরনের সেশন ভবিষ্যতে পদার্থবিজ্ঞানের খুঁটিনাটি বিষয়গুলো বিশ্লেষণে খুবই কার্যকর হবে এবং শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।" বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আশিকুর রহমান স্যার এই ধরনের সেশনের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং শিক্ষার্থীদের ভালো ভালো লেখকের বই অনুসরণ করতে উৎসাহিত করেছেন।
বিভাগের শিক্ষকরা জানিয়েছেন, এই উদ্যোগটি এখানেই শেষ নয়। প্রতি মাসে দুইবার, অর্থাৎ ১৫ দিন অন্তর, এই ‘ফিজিক্স আড্ডা’ নিয়মিত অনুষ্ঠিত হবে। এটি শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চা ও পারস্পরিক মতবিনিময়ের এক ধারাবাহিক প্ল্যাটফর্মে রূপ নেবে। পদার্থবিজ্ঞানের প্রতিটি আবিষ্কার যেমন আমাদের পৃথিবীকে নতুনভাবে চিনতে শিখিয়েছে, তেমনি এই আড্ডা শিক্ষার্থীদের জ্ঞান ও প্রজ্ঞার বিকাশে এক নতুন দিগন্তের সূচনা করবে।
লেখক: শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC