
রাইজিং কুমিল্লা ডেস্ক
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম লিটারপ্রতি ৭০ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে দাম কমার বিষয়টি জানায় বিইআরসি। এবরাই প্রথমবাবের মতো ফার্নেস তেলের দাম নির্ধারণ করে ঘোষণা দিলো সংস্থাটি। এর আগে গত ২৯ জানুয়ারি ফার্নেস তেলের দামের ওপর গণশুনানি করে কমিশন।
আজ রাত ১২ টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফার্নেস তেল বিপণনে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পিওসিএল), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল), যমুনা অয়েল কোম্পানী লিমিটেড (জেওসিএল) এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) বিপণন চার্জ প্রতি লিটার শূন্য দশমিক ৭১ টাকা এবং সমন্বিত পরিবহন চার্জ প্রতি লিটার এক দশমিক ২০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ফার্নেস তেলের দাম নির্ধারণ করে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস এবং জেটএ-১ তেলের দাম নির্ধারণের দায়িত্ব বিইআরসির ওপর দেয়।
বিদ্যুৎ কেন্দ্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ডিজেলে। এরপর পরই ফার্নেস তেল। ২০২৩-২৪ অর্থবছরে ৯ লাখ ৫৫ হাজার ৯১২ টন ফার্নেস বিক্রি হয়েছে বলে বিপিসি জানায়। জানা যায়, মোট বিক্রি করা ফার্নেস অয়েলের মধ্যে ইস্টার্ন রিফাইনারি থেকে পরিশোধনের মাধ্যমে ৩৪ দশমিক ৮৭ শতাংশ, অবশিষ্ট ৬৫ দশমিক ১৪ শতাংশ বিদেশ থেকে আমদানি করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC