
রাইজিং কুমিল্লা ডেস্ক
ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল বর্তমানে চরম সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, দেশের প্রায় ২৪ থেকে ২৬টি জেলা এবং প্রায় ৭ কোটি মানুষ মরুকরণের মতো পরিস্থিতির শিকার হচ্ছে।
শনিবার (২৩ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এর তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জাতীয় নদী দিবস’ উপলক্ষে নোঙর ট্রাস্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ সংকট মোকাবিলায় বর্তমান সরকার পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে এবং তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে কাজ করছে।
তিস্তা ব্যারেজ ও মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “তিস্তা পাড়ের মানুষের স্বার্থ রক্ষা করা আমাদের অধিকার। গত তিন মাস মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে দেখেছি, প্রকল্পটি নিয়ে যেভাবে কাজ হওয়ার কথা ছিল, তা হয়নি। এজন্য নতুনভাবে কাজ শুরু করতে হয়েছে।”
তিনি জানান, মন্ত্রণালয়ের সহযোগী সংস্থা আইডব্লিউএম, সিইজিআইএস এবং ওয়ারপো ইতোমধ্যে তিস্তা অঞ্চলে মাঠপর্যায়ে কাজ করছে। বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তিস্তা পাড়ের পাঁচ জেলার মানুষের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে মন্ত্রী বলেন, ২০০২ সালে প্রাথমিক সমীক্ষা শুরু হলেও দীর্ঘদিন এটি স্থবির ছিল। বর্তমান সরকার আবারও প্রকল্পটি সচল করেছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের বিশ্লেষণের ভিত্তিতে দেশের স্বার্থ রক্ষা করেই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
ভারতের সঙ্গে পানির হিস্যা ও গঙ্গা চুক্তির বিষয়ে তিনি জানান, চুক্তি অনুযায়ী প্রতি ১০ দিন পরপর পানির প্রবাহ পর্যবেক্ষণ করা হচ্ছে। যৌথ নদী কমিশন (জেআরসি) এবং কারিগরি দল উজান ও ভাটির পানির ভারসাম্য রক্ষায় কাজ করছে। সম্প্রতি বাংলাদেশের একটি বিশেষজ্ঞ দল ভারতের ফারাক্কা ব্যারেজ এলাকা পরিদর্শন করে দ্বিপাক্ষিক আলোচনা করেছে বলেও জানান তিনি।
আলোচনা সভায় দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং সরকার নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে।
তিনি অভিযোগ করেন, একটি মহল সরকারকে চাপে ফেলতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে তিনি রাজনৈতিক শালীনতা বজায় রাখা এবং অগণতান্ত্রিক উপায়ে দাবি আদায়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, “আলোচনার মাধ্যমেই যে কোনো সমস্যার সমাধান সম্ভব। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে এবং দেশের নদীগুলোকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC