
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রেমের নেই কোনো ভৌগোলিক সীমানা, নেই ভাষা কিংবা সংস্কৃতির বাধা। সেই ভালোবাসার টানেই হাজার মাইল পাড়ি দিয়ে প্রেমিকার কাছে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসেছেন এক চীনা যুবক। তাকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা স্বপ্না আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে অনলাইনে যোগাযোগ ছিল চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াঐলি। এই পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করেছেন স্বপ্না।
স্বপ্না আক্তার জানান, গত সোমবার (১৫ জুন) রাতে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গোলচত্বর থেকে তিনি নিজেই চীনা যুবককে গ্রহণ করে নিয়ে আসেন। বর্তমানে তিনি স্বপ্নার আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন।
চীনা যুবকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
স্বপ্না আক্তার ও তার পরিবারের সদস্যরা জানান, সিয়া আইলি তাকে বিয়ে করতে আগ্রহী। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তারা ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পরিবারের দাবি, বিয়ের আগে সিয়া আইলি ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছাও প্রকাশ করেছেন।
এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ভালোবাসার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে গড়ে ওঠা এমন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।
স্থানীয় কয়েকজনের মতে, ভিন্ন ভাষা, সংস্কৃতি ও সামাজিক পরিবেশের দুই মানুষের সম্পর্ক টেকসই হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে প্রেমের টানে বিদেশ থেকে নবীনগরে ছুটে আসার ঘটনা এলাকায় বিরল হওয়ায় এটি এখন স্থানীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC