
রাইজিং কুমিল্লা ডেস্ক

বিদ্যুতের প্রিপেইড মিটারে আরোপিত অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। এ সিদ্ধান্তে দেশের লাখো প্রিপেইড বিদ্যুৎ গ্রাহকের আর্থিক চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, সরকারের প্রথম ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে জনদুর্ভোগ কমাতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের বিষয়ে সরকার কাজ করছে এবং শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
বর্তমানে প্রিপেইড বিদ্যুৎ মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজ মিটারের জন্য ৪০ টাকা মিটার ভাড়া আদায় করা হয়। এসব চার্জের ওপর অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাটও যুক্ত থাকে।
দীর্ঘদিন ধরে প্রিপেইড মিটার ব্যবহারকারীরা এ অতিরিক্ত চার্জের বিরোধিতা করে আসছিলেন। তাদের অভিযোগ ছিল, বিদ্যুৎ ব্যবহার না করলেও প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেওয়া হয়, যা সাধারণ গ্রাহকদের জন্য বাড়তি আর্থিক বোঝা সৃষ্টি করে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC