
রাইজিং ক্যাম্পাস
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার প্রস্তুতি জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সফটওয়্যার ব্যবহারের ওপর বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১০ নভেম্বর সকাল ৯টায় অধিদপ্তরের পুরাতন ভবনের মাল্টিপারপাস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
গত ৪ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও পিরোজপুর জেলার উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
চিঠিতে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সকাল পৌনে ৮টার মধ্যে প্রশিক্ষণস্থলে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণে ব্যবহারিক কাজের সুবিধার্থে প্রত্যেক কর্মকর্তাকে প্রয়োজনীয় ল্যাপটপ সঙ্গে আনতে বলা হয়েছে।
এ ছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা বিধি অনুযায়ী নিজ নিজ বেতন খাত থেকে যাতায়াত ভাতা (টিএ) ও দৈনিক ভাতা (ডিএ) পাবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর যাবতীয় কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যবহারে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতেই এ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC