
নিজস্ব প্রতিবেদক
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ৬ থেকে ১৬ বছর বয়সি শিশুরাও এনআইডি নিবন্ধনের সুযোগ পেতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।
শনিবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, সম্প্রতি কমিশনের একটি বৈঠকে অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের এনআইডি নিবন্ধনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। ওই বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ ৬ থেকে ১৬ বছর বয়সি শিশুদের নিবন্ধন কার্যক্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শুরু করার প্রস্তাব দেন।
প্রস্তাবটি বাস্তবায়িত হলে বিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিবন্ধন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হতে পারে। এর ফলে শিশুদের অল্প বয়স থেকেই জাতীয় পরিচয়সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের ডেটাবেজে সংরক্ষণের সুযোগ তৈরি হবে।
এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে একটি কর্মশালা আয়োজনের নির্দেশনা দিয়েছেন ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে এনআইডি মহাপরিচালককে।
বর্তমানে ১৭ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন। তবে ১৭ বছরের কম বয়সিদেরও এনআইডি নিবন্ধনের আওতায় আনার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন বিভিন্ন মহল। ইসির নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি সেবা পাওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
এদিকে সর্বশেষ ভোটার তালিকার তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC