
রাইজিং ক্যাম্পাস
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন কুমিল্লা নগরীর বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনিয়া সরকার নিপা।
কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শ্রেণি শিক্ষক হিসেবে মনোনীত করা হয়।
এর আগে গত ২০ সেপ্টেম্বর আদর্শ সদর উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন সোনিয়া সরকার নিপা। উপজেলা পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতায় এবার জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি।
সোনিয়া সরকার নিপার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আমপাল গ্রামে। তিনি ওই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। ২০১৩ সালে আমপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে ২০১৯ সালে স্বামীর ঠিকানার সূত্রে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন।
শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় সোনিয়া সরকার নিপা। বর্তমানে তিনি জেলা ওয়ারেন্ট গাইডার এবং বিভাগীয় পর্যায়ে হলদে পাখি গার্লস গাইডের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে সোনিয়া সরকার নিপা বলেন, ‘শ্রেষ্ঠ শিক্ষক হতে পেরে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। যেকোনো কাজের স্বীকৃতি ও সম্মাননা কাজের গতি আরও বহুগুণ বাড়িয়ে দেয়। আমি আরও বেশি পেশাদারির সঙ্গে শিক্ষকতাকে উপভোগ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘শ্রেষ্ঠ শিক্ষক হতে পেরে সত্যিই আজ খুব সম্মানিত ও গর্বিত অনুভব করছি। আমার এই প্রতিযোগিতা বিভাগীয় পর্যায় পর্যন্ত। এখন আমার লক্ষ্য কুমিল্লা জেলার প্রতিনিধিত্ব করা। জেলার একজন প্রতিযোগী হিসেবে জেলাকে সম্মানসূচক কিছু এনে দিতে পারি—এ জন্য সবার দোয়া চাই।’
নিজের এই অর্জনের পেছনে বিদ্যালয় ও শিক্ষার্থীদের অবদানের কথাও তুলে ধরেন সোনিয়া সরকার নিপা। তার ভাষ্য, প্রিয় কর্মস্থল ও শিক্ষার্থীরাই তাকে জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে পরিচিত করেছে।
এ জন্য বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার পর এখন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় কুমিল্লার প্রতিনিধিত্ব করবেন সোনিয়া সরকার নিপা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC