
রাইজিং কুমিল্লা ডেস্ক

ভারতের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের অবস্থান তুলে ধরে প্রকাশিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটি প্রকাশের পর রাতারাতি তার অনুসারীর সংখ্যা প্রায় ১০ লাখ বেড়েছে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া'র তথ্য অনুযায়ী, ভিডিওটি প্রকাশের আগে প্রধানমন্ত্রী মোদির ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১০১ মিলিয়ন। কয়েক ঘণ্টার মধ্যেই তা বেড়ে ১০২ মিলিয়নে পৌঁছায়।
বৃহস্পতিবার রাতে প্রকাশিত ওই ভিডিওতে প্রধানমন্ত্রী মোদি জানান, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা কোনোভাবেই সাধারণ বিষয় নয় এবং এটি লাখো শিক্ষার্থী ও তাদের অভিভাবকের জন্য গভীর উদ্বেগের কারণ।
ভিডিওতে তিনি বলেন, "আমি জানি, প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত কষ্টের।"
তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আ24ড়াই মাসে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা দ্রুত সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব শুক্রবারের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসবিরোধী আইনে সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ কোটি রুপি জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া ন্যূনতম সাজা তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করারও প্রস্তাব করা হয়েছে।
এদিকে ইনস্টাগ্রামে প্রকাশিত মোদির ভিডিওটি ইতোমধ্যে প্রায় ২৭১ মিলিয়ন ভিউ, ১ কোটি ৫০ লাখ লাইক এবং ১৩ লাখের বেশি মন্তব্য পেয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC